ঢাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া–পাল্টা ধাওয়া চলছে

বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়া চলছে। আজ সোমবার বিকেল ৩টার পর এই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। দুইপক্ষ একে অপরের দিকে ইট–পাটকেল নিক্ষেপ করছে। এতে বেশ কয়েকজন কিছুটা আহত হয়েছেন। কেউ গুরুতর আঘাত পাননি।

আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই দিকে অবস্থান নিয়ে ইট–পাটকেল নিক্ষেপ করছে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা মাস্টার দা সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নিয়েছেন। তার কিছুটা দূরে বিজয় একাত্তর হলের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কিছুক্ষণ পরপর এক পক্ষের শিক্ষার্থীরা অপরপক্ষকে ধাওয়া দিচ্ছেন।

এই সংঘাতের সূচনা হয়েছে বিজয় একাত্তর হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রবেশ করা নিয়ে। তাঁদেরকে বাধা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আশপাশের হলের ছাত্রলীগ নেতাকর্মীরা একজোট হয়ে সংঘর্ষে যোগ দিয়েছেন৷

আন্দোলনকারী শিক্ষার্থীরা বিজয় একাত্তর হলের ফটকের প্রহরীদের বসার কক্ষের জানালার কাচ ভাঙচুর করেছেন৷

এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বেলা সোয়া ১২টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়েছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। সেখানে সমবেত হয়ে তাঁরা কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

এই বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা মেডিকেল কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা নার্সিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন।

সমাবেশ থেকে ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কে বলে রে রাজাকার, ধিক্কার ধিক্কার’, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রত্যাহার করতে হবে’ প্রভৃতি স্লোগান দেওয়া হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *