বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শিশু নিহত

বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ধনতলা সীমান্তের কাটাঁতারের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফর গুলিতে জয়ন্ত কুমার সিংহ (১৪) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার মধ্য রাতে ভারতের উত্তর দিনাজপুর ইসলামপুর থানার ডিংগাপাড়া ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয়ন্ত কুমার সিংহ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ফকির ভিঠা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার মধ্য রাতে জয়ন্তসহ আরো কয়েকজন অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় তারা সীমান্তের ৩৯৩ পিলারের মাঝামাঝী এলাকায় পৌঁছলে ভারতের ডিংগাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জয়ন্ত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ ভারতের ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা রংপুরে বিভিন্ন প্রাইভেট  ক্লিনিক চিকিৎসা নিচ্ছেন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, ঘটনাটি তিনি শুনেছেন মাত্র। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সীমান্তে গুলি বন্ধ করতে ও শান্তি ফেরাতে বিজিবি বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *