ঢাকা ঘন কুয়াশায় ঢাকা

বাংলাদেশ

সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে ঢাকা শহর। সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়তে দেখা যাচ্ছে। তবে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় শীতের তীব্রতা অন্যান্য দিনের তুলনায় কম অনুভূত হচ্ছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো শহর। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে ঢাকা।

গত কয়েকদিনে রংপুর বিভাগ ছাড়া দেশের অন্যান্য স্থানে দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে। এতে শীতের অনুভূতি অনেকটাই কমেছে। রাজধানী ঢাকাতেও তাপমাত্রা বেড়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *