ডেস্ক রিপোর্ট : নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতি নেই বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো বিশেষত বিএনপি ও জামায়াত, তাদের একটা রাজনৈতিক কৌশলের জায়গা থেকে নির্বাচনের কথা বলছে। আর নির্বাচনের কথা বলা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো রাজনীতিও নেই আসলে। তারা যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কার তো সরকার এই সময়েই করতে আগ্রহী ও উদ্যোগী। তবু তারা একটা চাপ তৈরি করছে। এটাকে আমরা খুব একটা নেতিবাচকভাবে দেখি না।
তথ্য উপদেষ্টা বলেন, সংস্কার আর নির্বাচনকে আমরা তো আলাদা করে দেখি না; বরং নির্বাচনকে প্রায়োরিটি (অগ্রাধিকার) দিয়েই সংস্কার কমিশনগুলো কাজ করছে। যে ছয়টা সংস্কার কমিশনকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু শাসনতান্ত্রিক। বাকি সংস্কারগুলো জনস্বার্থমূলক। সেগুলোও সমান গুরুত্বপূর্ণ৷ কিন্তু নির্বাচন ও শাসনতান্ত্রিক ব্যবস্থাকে পরিবর্তনের লক্ষ্যে ছয়টা সংস্কার কমিশন হয়েছে।
রাজনৈতিক দলগুলো বিশেষত বিএনপি ও জামায়াত, তাদের একটা রাজনৈতিক কৌশলের জায়গা থেকে নির্বাচনের কথা বলছে।
তিনি বলেন, আমরা তাদের (বিএনপি ও জামায়াত) কাছ থেকে সময় চাইছি এবং ঐক্যের আহ্বান জানাচ্ছি। কারণ, আমরা যদি সংস্কার ছাড়া নির্বাচন করে কোনো দলের হাতে ক্ষমতা দিয়ে দিই, তাদের জন্যই সরকার চালানো কঠিন হবে। মানুষের প্রত্যাশা যদি পূরণ না হয়, পরিবর্তন যদি না দেখে, মানুষের সেই ক্ষোভ কিন্তু যাবে না।
