গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে মাওলানা সাদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাওলানা সাদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, মিজানুর রহমান কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা ছবির উদ্দীন প্রামাণিকের ছেলে। তিনি তাবলিগ জামাতের সাদপন্থিদের একজন সক্রিয় সদস্য এবং ফুলবাড়ী থানার জিম্মাদার সাথি ছিলেন। গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থিদের পাঁচ দিনের জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা জুবায়েরপন্থিদের সংঘর্ষে ওই সময় মিজানুর রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাস ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, মিজানুর রহমানের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
