ডেস্ক রিপোর্ট : যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের ধূমপান নিষেধ করায় সাধারণ শিক্ষার্থীদের মারধর করা হয়েছে। এই ঘটনার জেরে সোমবার (২০ জানুয়ারি) রাতে কলেজের আসাদ হল সংলগ্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ছাড়াও আহত হয়েছেন কয়েকজন সাধারণ শিক্ষার্থী। পরে আইনশৃঙ্খালা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের শহিদ আসাদ হল এলাকায় দুইজন বহিরাগত প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় তাদের ধূমপানে নিষেধ করলে সাধারণ শিক্ষার্থীদের মারধর করে বহিরাগত দুইজন। খবর পেয়ে আসাদ হল ছাত্রদলের নেতকর্মীরা এগিয়ে আসে। এ নিয়ে হৈচৈ শুরু হয়। খবর পেয়ে স্থানীয় খড়কি এলাকার ভাগ্নে সাগর তার অনুসারী ৪০ থেকে ৫০ জনকে নিয়ে আসাদ হল লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তখন ছাত্রদলের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দেয়।
জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান জানান, দীর্ঘ কয়েক বছর কলেজে ছাত্রলীগের ছত্রছায়ায় সাগর গ্যাং তৈরি করেছিল। তারা ছিনতাই, মাদক সেবন, বেচাকেনাসহ আশেপাশের ছাত্রাবাসগুলোর সাধারণ শিক্ষার্থীদের বিরক্ত করতেন। এদিনও ক্যাম্পাসে কিছু ছেলেকে মারধর করে সে। এতে সাধারণ শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ড. খন্দোকার এহসানুল কবির জানান, কী হয়েছে আমি বলতে পারছি না। আপনারা সাংবাদিক পাঠিয়ে খবর নেন।
