এমপি লিটন হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

বাংলাদেশ

গাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী সাবেক এমপি কর্নেল (অব:) ডাঃ আবদুল কাদের খান (৭৮) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে তার ভাগিনা গাইবান্ধার একটি বেসরকারি কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান জানান, সাবেক এমপি লিটন হত্যা মামলায় ফাঁসির আসামি ছিলেন কর্নেল (অবঃ) আবদুল কাদের খান।

তিনি বলেন, গত ২০২৪ সালের ৯ অক্টোবর কেরানীগঞ্জ কারাগারে কর্নেল (অবঃ) কাদের খান ব্রেন স্ট্রোক করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১৩ অক্টোবর আইসিইউতে স্থানান্তর করা হয়। গত ১৫ জানুয়ারি তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এবং রোববার ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান।

কাদের খানের ছেলে ডা. সামিন খান বলেন, ‘ব্রেন স্ট্রোক ছাড়াও নানা রোগে ভুগছিলেন বাবা। টানা তিন মাস ধরে হাসপাতালের আইসিইউর ১২ নাম্বার ও ৪ নাম্বার বেডে তার চিকিৎসা চলে। রবিবার ভোর রাতে তিনি মারা যান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *