রোনালদোর ‘ইন্টারনেটে ঝড় তোলা’ অতিথির নাম প্রকাশ

খেলা

ইউটিউবে নিজের চ্যানেল খোলার পর ঝড় বইয়ে দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি সে ঝড়ের গতি আরও কয়েক গুণ বাড়িয়ে দেন একটি কথায়। রোনালদো বলেছিলেন, ‘এমন একজন আমার ইউটিউব চ্যানেলে অতিথি হবেন, তাতে ইন্টারনেটে ঝড় উঠবে।’ 

এরপর থেকেই শুরু হয় আলোচনা। ফুটবলপ্রেমিরা মনে করেছিলেন রোনালদোর ঝড় তোলা ওই অনুষ্ঠানের অতিথি হবেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। সর্বকালের অন্যতম সেরা দুই তারকাকে একসঙ্গে দেখার অপেক্ষাই করছিলেন সবাই।

অবশেষে প্রকাশ পেয়েছে রোনালদোর নতুন অতিথির নাম। এতে বেশ হতাশ হয়েছেন ফুটবলপ্রেমীরা। কেননা অতিথি হিসেবে আসছেন না মেসি। তবে যিনি আসছেন, তিনিও ইউটিউব-ফেসবুকে ব্যাপক জনপ্রিয়। আক্ষরিক অর্থেই ইন্টারনেট দুনিয়াতে ঝড় তোলার সক্ষমতা আছে তার।

রোনালদোর ‌‌‘ইউর ক্রিস্টিয়ানো’ চ্যানেলে অতিথি হচ্ছেন জেমস স্টেফেন ডোনাল্ডসন। ‘মিস্টার বিস্ট’ নামেই যিনি সবচেয়ে বেশি পরিচিত। ‘মিস্টারবিস্ট’ নামক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের কর্ণধার তিনি। যার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩৩১ মিলিয়নের বেশি।

ইউটিউবের ইতিহাসে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ, ভিডিও আছে আটশোর বেশি। প্রায় ২৭৯ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে দ্বিতীয়স্থানে টি-সিরিজ। দুশো মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আর কারও নেই।

‌‌‘ইউ আর ক্রিস্টিয়ানো’ চ্যানেলেই মিস্টারবিস্টের অতিথি হওয়ার ঘোষণাটি রোনালদো নিজেই দিয়েছেন। ‘ইন্টারনেটে ঝড় তুলতে আমি সাক্ষাৎ করছি মিস্টারবিস্টের সঙ্গে’ শিরোনামে একটি অনুষ্ঠান প্রিমিয়ার করে রেখেছেন এই পর্তুগিজ তারকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ওই অনুষ্ঠান। ইতোমধ্যে সমর্থকরা প্রিমিয়ারের কমেন্টের ঝড় তুলছে।

উল্লেখ্য, রোনালদোর ইউটিউব চ্যানেল ইউ আর ক্রিশ্চিয়ানো মাত্র এক সপ্তাহের মধ্যেই সাবস্ক্রাইবার সংখ্যা ৫০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ৬৭.৩ মিলিয়নের বেশি।

ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ছাড়াও ফুটবল নিয়ে নিজস্ব ভাবনাচিন্তা শেয়ার করেন সেখানে। ভক্তদের উন্মাদনারও শেষ নেই ‘ইউআর ক্রিশ্চিয়ানো’কে নিয়ে। এবার সেই চ্যানেলেই অতিথি হচ্ছেন ইউটিউবের সর্বোচ্চ সাবস্ক্রাইবারের অধিকারী মিস্টার বিস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *