
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে দুজন নিহত হয়েছেন। একই দিন রেললাইনের পাশে একটি ঝিল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার মিতালী পাম্প এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স ৩৫ থেকে ৩৭ বছর। পরে তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে শিলমুন আকিজ বেকারির পেছনে রেললাইনসংলগ্ন একটি ঝিল থেকে ভাসমান অবস্থায় সুজন সরকার (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ব্রাহ্মণখালী গ্রামের মৃত হরিদাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে পিটুনিতে নিহত ওই দুই যুবক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গী বাজার মিতালী ফিলিং স্টেশনের আশপাশে অবস্থান করছিলেন। একপর্যায়ে তারা একটি বাসে উঠে যাত্রীদের মুঠোফোন ছিনতাইয়ের চেষ্টা করেন। বিষয়টি দেখে ফেলেন স্থানীয় লোকজন। পালানোর সময় স্থানীয় লোকজন তাদের ধরে হাত-পা বেঁধে পিটুনি দিয়ে মাথার চুল কেটে দেন। একপর্যায়ে তাদের শরীর নিস্তেজ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মো. আরিফ হোসেন জানান, মূলত ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওই দুই যুবককে পিটুনি দেন। তাদের মাথার চুল কেটে দেন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, পৃথক ঘটনায় তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
