
কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার বিচার এবং গ্রেফতার হওয়া পরীক্ষার্থীদের মুক্তির দাবিতে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছেন দেশের প্রায় অর্ধশতাধিক কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (৩১ জুলাই) কলেজগুলোর ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে এ সংক্রান্ত একাধিক বিবৃতি পাঠানো হয়। এছাড়া শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক টাইমলাইন, বিভিন্ন গ্রুপ ও পেইজে শেয়ার করেন।
আরও আছে, ধামরাই সরকারি কলেজ, ঢাকা, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, মণিরামপুর মহিলা বিশ্ববিদ্যালয়, যশোর, ময়মনসিংহ সরকারি কলেজ, আটহাজারি সরকারি কলেজ, চট্টগ্রাম, চট্টগ্রাম কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা, শচীন্দ্র কলেজ, হবিগঞ্জ, আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী, হয়বতনগর এইউ কামিল মাদ্রাসা, কিশোরগঞ্জ, শাহজাদপুর সরকারি কলেজ, সিরাজগঞ্জ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা, শহীদ স্মৃতি সরকারি কলেজ, ময়মনসিংহ, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা, লক্ষ্মীপুর সরকারি কলেজসহ আরো কয়েকটি কলেজ।
বিবৃতিতে এসব কলেজের শিক্ষার্থীরা জানান, যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সব এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।
তারা বলেন, আমাদের কলেজের প্রতিটি গ্রুপের ক্যাপ্টেন এবং শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কট করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানান, কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থী বন্ধুদের কারাগারে রেখে তারা পরীক্ষায় বসতে পারেন না। এই আন্দোলনে তাদের সমর্থন রয়েছে।
তবে বিবৃতিগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভিন্ন কোনো প্লাটফর্ম থেকে দেওয়া হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করা যায়নি।
