১৩ দিন পর কড়া নিরাপত্তায় ট্রেন চলাচল শুরু

বাংলাদেশ

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় টানা ১৩ দিন বন্ধ থাকার পর আজ থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে আপাতত শুধু লোকাল ও কমিউটার ট্রেনে যাত্রী পরিবহন করা হচ্ছে। ট্রেন চলাচলকে কেন্দ্র করে গতকাল দেশের বিভিন্ন স্টেশন ধোয়ামোছাসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখা যায়।

কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (১ আগস্ট) কারফিউ শিথিল থাকা অবস্থায় দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে আসা কাঞ্চন কমিউটার সকাল ৯টায় ও বুড়িমারী কমিউটার ট্রেন সকাল সাড়ে ৯টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে পঞ্চগড় স্টেশনের উদ্দেশে ছেড়ে গেছে। তবে কোনো আন্ত নগর ট্রেন চালু হয়নি।

প্রায় দুই সপ্তাহ বন্ধের পর স্বল্প দূরত্বে ট্রেনগুলো চালু হলেও যাত্রীদের চাপ দেখা যায়নি। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্টেশনে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফরমে ঢুকতে দিচ্ছে না রেলওয়ে পুলিশ ও গার্ড।

দিনাজপুর রেলস্টেশন সুপার এ বি এম জিয়াউর রহমান জানান, ট্রেনগুলো বন্ধ থাকার পর আজ প্রথম দিন পার্বতীপুর থেকে ছেড়ে আসছে। যাত্রীসংখ্যা অপেক্ষাকৃত কম। তবে ট্রেন চালু হওয়ার খর সবাই জেনে যাওয়ার পর যাত্রীর চাপ বাড়বে। ট্রেন দুটি নিরাপদে দিনাজপুর স্টেশনে এসে পৌঁছয় এবং যাত্রী ওঠানামার পর আবার দিনাজপুর স্টেশন ছেড়ে পঞ্চগড় অভিমুখে ছেড়ে গেছে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা রয়েছে।

এদিকে পার্বতীপুর জংশন রেলস্টেশন মাস্টার (এসএম) রেজাউল করিম বলেন, কয়েক দিন বন্ধ থাকার পর আজ থেকে ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে দুটি আমাদের হলেও অন্য দুটি ট্রেন লালমনিরহাটের অধীনে চলাচল করবে। তবে দূরপাল্লার আন্ত নগর ট্রেন চালুর কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *