দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, বুধবার ভোরে পদ্মা ও যমুনা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে গেলে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর ৫টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৪০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এসময় দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, কুয়াশা কেটে গেলে আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। পাড়ে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *