৮ ঘণ্টা পর তিন নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক

বাংলাদেশ

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই তিনটি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত ১১টার দিকে কুয়াশার মাত্রা তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে থাকে। রাত সাড়ে ১২টার দিকে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে তিনটি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে ছোট-বড় ৪টি ফেরি আটকে পড়ে।

বুধবার সকাল পর্যন্ত ফেরি পার হওয়ার অপেক্ষায় রয়েছে তিনটি নৌ-রুটের ৭ শতাধিক যানবাহন। পরে সকাল ৯টায় তিনটি রুটেই ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, তীব্র কুয়াশায় দুর্ঘটনা এড়ানোর জন্য ফরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এ নৌরুটে মোট ২৬টি ফেরি চলাচল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *