অতিভারী বৃষ্টির আভাস, পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা

বাংলাদেশ

আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের চারটি বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (২৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে।

এই ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া একই সময়ের মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *